দীর্ঘ নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বিজে–২০২ আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল প্রায় ১০টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মাধ্যমে তিনি আবার দেশের মাটিতে পা রাখলেন।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। একই ফ্লাইটে তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সিলেটে পৌঁছানোর মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জাইমা রহমান লিখেছেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে।”




দেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান নিজেও ফেসবুকে অনুভূতি প্রকাশ করে লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”

সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। এরপর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।