বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও প্রস্তুতি। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার আগে তার ব্যবহারের জন্য নির্ধারিত একটি বুলেটপ্রুফ গাড়ি বিমানবন্দরে পৌঁছেছে, যা দিয়ে তিনি বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে যাতায়াত করবেন।

দলীয় সূত্র জানায়, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত ১২টা ১৭ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–২০২ ঢাকার উদ্দেশে রওনা দেয়। একই ফ্লাইটে তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিটে বিমানটির ঢাকায় অবতরণের কথা রয়েছে।

বিমানবন্দরে পৌঁছে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় স্বল্প সময় অবস্থানের পর তিনি কুড়িল হয়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর বসুন্ধরা জি ব্লক হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখান থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার কারণে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং প্রস্তুত রাখা হয়েছে সোয়াট টিম।