রাজপথে মানুষের ঢল, ধীরগতিতে এগোচ্ছে তারেক রহমানের গাড়িবহর

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের ইতি টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে স্বদেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি লাল-সবুজ রঙের খোলা বাসে করে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার উদ্দেশে রওনা হন।
বিমানবন্দরে তার আগমন ঘিরে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। প্রথমে তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দীর্ঘ বিরতির পর দেশের মাটিতে ফিরে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান।
দেশে পৌঁছেই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলে নিরাপত্তা ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা জানান। তার যাত্রাপথে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
নেতাকর্মীদের বিপুল উপস্থিতির কারণে গাড়িবহর ধীরগতিতে এগোচ্ছে। বিমানবন্দর থেকে রাজলক্ষ্মী হয়ে ৩০০ ফিট সড়কজুড়ে লাখো মানুষ স্লোগান, ফুলের পাপড়ি ও হাত নেড়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমানও জনতার শুভেচ্ছার জবাব দিচ্ছেন।
এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফেরার অনুভূতি প্রকাশ করেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










