‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে আলোচনায় থাকা তাহরিমা জান্নাত সুরভীকে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীর বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন–সংক্রান্ত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায়ের অভিযোগ তদন্তে উঠে এসেছে। অনুসন্ধানে দেখা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের নেতৃত্বে ছিলেন সুরভী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চক্রটি ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।

অভিযোগ অনুযায়ী, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকার মামলায় আসামি বানানো, গ্রেপ্তার ও হয়রানির আশঙ্কা দেখিয়ে ধাপে ধাপে অর্থ নেওয়া হয়। পরে মামলা ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাসে আরও টাকা দাবি করা হয়।

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী তাহরিমা জান্নাত সুরভী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও ও বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পান। পুলিশ দাবি করছে, সেই পরিচিতিকেই কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ তৈরি করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।