দীর্ঘ ১৭ বছর পর ঢাকার মাটিতে পা রাখলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে লন্ডন থেকে যাত্রা শুরু করা বিমানটি সকাল পৌনে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সেখানে স্বল্প যাত্রাবিরতি শেষে বেলা ১১টার পর ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিমানটি।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। আনুষ্ঠানিকতা শেষে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন, যেখানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










