বৃহস্পতিবার ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা দিয়ে ঢাকা শহরে প্রবেশে সাধারণ যানবাহনের জন্য টোল মওকুফ থাকবে। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। তিনি সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে জানানো হয়েছে। বিমানবন্দর থেকে তিনি ৩০০ ফুট সড়কে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। পরে গুলশানের বাসভবনে যাবেন।
ফেরার পরের দুই দিনও তার ব্যস্ত কর্মসূচি রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং জাতীয় স্মৃতিসৌধে যাবেন। শনিবার নির্বাচন ভবনে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে এবং ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










