দীর্ঘ সময় পর ছেলে তারেক রহমানের দেশে ফেরার খবর পেয়ে মানসিকভাবে স্বস্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে তিনি এই খবর জানতে পারেন। বর্তমানে এক মাসের বেশি সময় ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার জানান, আগের তুলনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল এবং ছেলের প্রত্যাবর্তনের খবরে তিনি মানসিকভাবে সাহস পেয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আপাতত তার অবস্থার অবনতি হয়নি, যা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড জানায়, গুরুতর সংক্রমণের কারণে তাকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়া ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। অবস্থার অবনতি হওয়ায় ২৭ নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করছে।