আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর সারাদেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক, যা নির্বাচন কমিশনের অনুরোধের পর নেয়া হয়েছে।


নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। তবে ২৫ ডিসেম্বর বড়দিন ও ২৬-২৭ ডিসেম্বর সপ্তাহান্তের কারণে ব্যাংক বন্ধ থাকায় প্রার্থীরা অর্থ জমা দিতে পারতেন না। এই সমস্যার সমাধানে শনিবার ব্যাংক খোলা রাখার ব্যবস্থা করা হলো।


এর ফলে প্রার্থীরা ওই দিন প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রয়োজনীয় পে-অর্ডার বা ট্রেজারি চালান সংগ্রহ করতে পারবেন। নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর, এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।