গভর্নরকে চিঠি দিলো নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে একদিনের জন্য সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৪ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়।
ইসি জানায়, নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। তবে ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬–২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির কারণে টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকায় প্রার্থীদের জন্য জামানতের অর্থ ও ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা জমা দেওয়া সম্ভব হচ্ছিল না।
এই সমস্যা সমাধানে প্রার্থীরা যেন ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ জমা দিতে পারেন, সে লক্ষ্যে ২৭ ডিসেম্বর সারাদেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।
ইসি আশা করছে, এ সিদ্ধান্তে মনোনয়ন দাখিল প্রক্রিয়া সহজ হবে এবং প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










