তারেক রহমানের সংবর্ধনায় আসতে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবর্ধনায় অংশ নিতে নেতাকর্মীদের যাতায়াত সুবিধায় বাংলাদেশ রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় প্রবাসে থাকার পর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে ঢাকার ৩০০ ফুট সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রেলপথ মন্ত্রণালয় সোমবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বিএনপির আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেনগুলো সরবরাহ করা হচ্ছে, যার মাধ্যমে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব পাবে। ইঞ্জিন সংকটের কারণে ১১টির বদলে ১০টি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।
সমাবেশে আগত যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত ১৭টি কোচ যুক্ত করা হবে। একইসঙ্গে বিশেষ ট্রেন পরিচালনার সুবিধার্থে এক দিনের জন্য কয়েকটি ট্রেনের চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এগুলো হলো রাজবাড়ী কমিউটার, ঢালারচর এক্সপ্রেস ও রোহনপুর কমিউটার। এ কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।
বিশেষ ট্রেনগুলো কক্সবাজার, পঞ্চগড়, খুলনা, রাজশাহী, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসবে এবং কর্মসূচি শেষে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে নিয়ে যাবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










