ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

নিজস্ব প্রতিবেদন
শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে ‘শহীদি শপথ’ গ্রহণ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে তারা এই অঙ্গীকার করেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, ৩০ কর্মদিবসের মধ্যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না সংগঠনটি।
কর্মসূচিতে নেতাকর্মীরা ঘোষণা দেন, ইনসাফ প্রতিষ্ঠা ও ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো চাপেই তারা পিছু হটবেন না।
শপথ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শহীদ হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










