বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নেয় ভারত। গণমাধ্যমের তথ্যমতে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা উদ্বেগ জানানোর পরই নয়াদিল্লি এ সিদ্ধান্ত নেয়।
এদিন ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনারকে ডেকে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশনে হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানান এবং সেখানে কর্মরত কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এর আগে চলতি মাসের ১৪ ডিসেম্বরও ভারতীয় হাইকমিশনারকে তলব করে ঢাকায় ভারতের অবস্থান নিয়ে আপত্তি জানানো হয়।
বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং কয়েকটি সহিংস ঘটনার আসামিদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছিল।
অন্যদিকে, এসব ঘটনার প্রেক্ষাপটে গত ১৭ ডিসেম্বরও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছিল ভারত। তার এক সপ্তাহ না পেরোতেই ফের তাকে ডেকে পাঠানো হলো, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বিদ্যমান উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










