প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদন
কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। তেজগাঁও থানার মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার আসামিদের জেলহাজতে রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন উৎসের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তদন্তে একজনের কাছ থেকে লুটের টাকা ও সেই টাকায় কেনা ফ্রিজ ও টিভি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান থাকায় আসামিদের কারাগারে রাখা প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে দাবি করেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই এবং অনেককে বাড়ি থেকে আটক করা হয়েছে। তারা বলেন, সিসিটিভি বা সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতেও আসামিদের দেখা যায়নি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করে বলেন, মামলার ধারাগুলো জামিন অযোগ্য এবং এই হামলায় দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেই আসামিদের শনাক্ত করা হয়েছে বলে তিনি জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কাঠগড়ায় দাঁড়িয়ে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর রাতে কয়েকশ’ দুষ্কৃতকারী প্রথম আলোর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে বিপুল পরিমাণ কম্পিউটার, সরঞ্জাম, নথি ও বই ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










