লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক বিএসএফ সদস্য কনস্টেবল বেদ প্রকাশ ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পে কর্মরত। বিজিবির আঙ্গরপোতা বিওপির টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় গরু পারাপারকারীদের ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্যটি প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে একটি বাড়িতে আশ্রয় নেন। ওই সময় বিজিবির টহল দল তাকে আটক করে। বর্তমানে তিনি দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন।

৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।