ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিমের (২৩) বিরুদ্ধে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। ডিবির পক্ষ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের পর মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদসহ কয়েকজনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তা করার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার দুই আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।