কুড়িগ্রামে নিজ বাড়িতে শায়িত হলেন দুই বীর সৈনিক

নিজস্ব প্রতিবেদন
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনাসদস্যের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার বাংলাদেশে আনার পর রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর হেলিকপ্টারে উলিপুর হেলিপ্যাডে নামানো হয়। সেখান থেকে সামরিক তত্ত্বাবধানে মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাড়িতে লাশ পৌঁছাতেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে উলিপুর ও রাজারহাটের গ্রামগুলো। বিকেল নাগাদ পারিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন হয়। নিহতরা হলেন সৈনিক মো. মমিনুল ইসলাম (৩৮) ও সৈনিক শান্ত মন্ডল (২৬)। শান্ত রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের বাসিন্দা এবং মমিনুল উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামের সন্তান।
শান্তের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, আর মমিনুল দুই কন্যাসন্তানের জনক। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ হারান।
তাদের মধ্যে কুড়িগ্রামের এই দুই সেনাসদস্য ছাড়াও দেশের আরও কয়েকটি জেলার সদস্য ছিলেন। বিশ্বশান্তির দায়িত্ব পালন করতে গিয়ে দুই সন্তানের এই আত্মত্যাগ কুড়িগ্রামজুড়ে গভীর শোকের পাশাপাশি গর্বের অনুভূতিও ছড়িয়ে দিয়েছে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










