নিজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ওসমান হাদির মরদেহ, দাফনের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ নেওয়া হয়েছে তাঁর নিজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সেখানেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফন করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। জানাজার আগে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “হাদির আদর্শ ছিল মাথা উঁচু করে বাঁচার শিক্ষা। তিনি আমাদের নত না হওয়ার শক্তি দিয়ে গেছেন।”
জানাজা শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শাহবাগে অবস্থান কর্মসূচির আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রকৃত হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ জনসমক্ষে জানানোর দাবি তোলেন।
এর আগে সকালে হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখান থেকে গোসল শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে ভোর থেকেই অসংখ্য মানুষ তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি। চিকিৎসার এক পর্যায়ে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










