বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর শুধু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নয়, এর মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে, যাকে স্বাগত জানাবে সাধারণ মানুষ। শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগে তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ২৫ ডিসেম্বরের কর্মসূচিকে ঘিরে কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকার বাইরে থেকে যারা তারেক রহমানকে স্বাগত জানাতে আসবেন, তারা অতিথি—এমন মনোভাব নিয়েই দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস অভিযোগ করেন, কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তবে ষড়যন্ত্রের মুখে দল নীরব থাকবে না বলে তিনি জানান। তিনি বলেন, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলেও বিএনপি কোনো উগ্রতা বা হঠকারিতায় জড়াবে না এবং গণতান্ত্রিক উপায়েই এর জবাব দেবে।

এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, অরাজকতা সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ দেওয়া হবে না। গণতন্ত্রের অগ্রযাত্রা রুখতে সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে তার জবাব দেওয়া হবে।