কবি নজরুলের পাশে চিরঘুমে ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নজরুল সমাধি প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়।
এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাইয়ের ইমামতিতে জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।
জানাজার আগে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “শরীফ ওসমান হাদির আদর্শ ছিল মাথা উঁচু করে বাঁচা। তিনি আমাদের নত না হওয়ার প্রেরণা দিয়ে গেছেন, যা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।”
অন্যদিকে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পক্ষ থেকে গৃহীত পদক্ষেপের বিস্তারিত জনসমক্ষে জানানোর দাবি জানান।
এর আগে শনিবার সকালে হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখান থেকে গোসল শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে ভোর থেকেই অসংখ্য মানুষ তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। চিকিৎসার পর উন্নত সেবার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










