দেশে পৌঁছেছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ

নিজস্ব প্রতিবেদন
সুদানের আবেই এলাকায় সশস্ত্র হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শহীদদের মরদেহ গ্রহণ করেন।
সেনাবাহিনী সূত্র জানায়, আগামীকাল যথাযথ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জানাজা শেষে হেলিকপটারে করে মরদেহগুলো শহীদদের নিজ নিজ জেলায় পাঠানো হবে এবং পরে দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফার আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছয় বাংলাদেশি শান্তিরক্ষী। একই হামলায় আরও আটজন আহত হন।
নিহতরা হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মণ্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
আহত আট শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও সফল অস্ত্রোপচারের পর তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্যরা বর্তমানে শঙ্কামুক্ত, একজন ইতোমধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন।
এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক ও নিন্দা জানিয়ে বলেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রতিশ্রুতির গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










