ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড সাম্প্রতিক সহিংসতার ভয়াবহ দৃষ্টান্ত। আগস্টের পর থেকে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা রোধে বাংলাদেশ সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনৈতিক উসকানি এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী এবং সংস্কৃতিকর্মীরা পরিকল্পিত ঝুঁকির মুখে পড়ছেন।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকারের প্রতি গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে নেওয়ার জোর আহ্বান জানায়।