ওসমান হাদির জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নির্ধারিত স্থানে পৌঁছাননি। তবে এরই মধ্যে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজার স্থলে উপস্থিত হয়েছেন।
দুপুর সোয়া ১টার দিকে জানাজার জন্য হাদির মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। এর আগে সকালে ময়নাতদন্ত সম্পন্ন করতে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখান থেকে গোসলের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়।
ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে হাসপাতাল প্রাঙ্গণে দূরদূরান্ত থেকে মানুষের ঢল নামে। তার মৃত্যুতে শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশ-বিদেশের বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










