ওসমান হাদি আর নেই

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে ভূমিকা রাখা এই বিপ্লবী নেতাকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছেন।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে তিনি হামলার শিকার হন। চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে মাথায় গুলিবিদ্ধ হন হাদি।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










