২৪ ডিসেম্বরের ৬টি টিকিট কাটলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৪ ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন। জানা গেছে, তিনি ও তার পরিবারের সদস্যসহ মোট ছয়জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে একমুখী টিকিট সংগ্রহ করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র জানায়, লন্ডন থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ২৪ ডিসেম্বর ছেড়ে ২৫ ডিসেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। যাত্রী তালিকায় তারেক রহমানের সঙ্গে তার পরিবারের তিন সদস্য, ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিব রয়েছেন। বুকিং প্রক্রিয়া সম্পন্ন হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিমান কর্তৃপক্ষ।
লন্ডনের কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, দেশে ফেরার জন্য তারেক রহমান ট্রাভেল পাসের আবেদন করেছেন। সবকিছু চূড়ান্ত হলে ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিএনপির নেতারা জানিয়েছেন, দেশে পৌঁছানোর পর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পরে বাসায় ফিরবেন। দলের পক্ষ থেকে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীদের যাতায়াত সহজ করতে বিভিন্ন রুটে একাধিক ট্রেন বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










