সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। তার শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে হাদির চিকিৎসার খোঁজখবর নেন।


পরবর্তীতে রাত ৯টা ৪০ মিনিটে তিনি ফোনে অধ্যাপক ইউনূসকে হাদির বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা ব্যবস্থার বিস্তারিত জানান। ফোনালাপে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিতে চেষ্টা করছেন।


এ অবস্থায় প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।