প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক তার দায়িত্বকাল শেষ হওয়ায় বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত পার্ক সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। পাশাপাশি তিনি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য শুভকামনা প্রকাশ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়। এতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধি, প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ), মানবসম্পদ উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের প্রশংসা করেন এবং বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া সম্পর্ক এগিয়ে নিতে তার অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ধারাবাহিক সংস্কার চালিয়ে যাচ্ছে এবং কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন–সংক্রান্ত দীর্ঘদিনের একটি জটিলতার সমাধান করা হয়েছে।
এর জবাবে রাষ্ট্রদূত পার্ক জানান, দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে, বিশেষ করে মোবাইল ফোন উৎপাদন বাড়ানোর বিষয়ে। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে সিইপিএ নিয়ে নতুন দফা আলোচনা শুরু হতে পারে, যা কার্যকর হলে বাংলাদেশি পণ্য, বিশেষত তৈরি পোশাক, কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে।
আলোচনায় প্রধান উপদেষ্টা বাংলাদেশে আরও কোরিয়ান প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন, যা তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। সাক্ষাতে এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










