শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ

নিজস্ব প্রতিবেদন
জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার রায়ের বিরুদ্ধে আজ আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই আপিল দাখিল করা হবে, যেখানে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চাওয়া হবে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের মাত্রা আরও কঠোর করার লক্ষ্যে প্রসিকিউশন আপিলের পথে যাচ্ছে। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকার’ আখ্যা দিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার মনোভাব প্রকাশ করেন বলেও অভিযোগ রয়েছে।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এই বক্তব্য ও নির্দেশনার পরপরই রংপুরে পুলিশ গুলিতে আবু সাঈদ নিহত হন, যা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে আমৃত্যু কারাদণ্ড দেন।
রায় ঘোষণার সময়ই প্রসিকিউশন জানায়, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে। আজ সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়ার পরবর্তী ধাপে যাচ্ছে এই আলোচিত মামলা।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










