‘মস্তিষ্কে পানি জমে আছে, ক্লিনিক্যালি উন্নতি নেই’

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থায় এখনো কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। চিকিৎসকদের মতে, তাঁর সিটিস্ক্যান রিপোর্ট উদ্বেগজনক এবং মস্তিষ্কে পানি জমে থাকার পাশাপাশি ক্লিনিক্যাল অবস্থাও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল আহাদ জানান, হাদির মস্তিষ্কে এখনও গুলির একটি ক্ষুদ্র অংশ রয়ে গেছে। ইতোমধ্যে তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হলেও মাথার ভেতরে জমে থাকা রক্ত অপসারণ করা সম্ভব হয়নি।
চিকিৎসকরা আরও জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার ফুসফুসের অবস্থাও স্থিতিশীল হলেও উন্নতি হয়নি। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরিবারের ওপর নির্ভর করবে।
চিকিৎসা সূত্রে জানা গেছে, গুলিটি অত্যন্ত নিখুঁতভাবে ছোড়া হয়েছিল। ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেলেও মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল অংশে আঘাত লাগায় আপাতত নতুন কোনো অস্ত্রোপচারের ঝুঁকি নেওয়া হচ্ছে না।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










