হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
ওসমান হাদির ওপর সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। একই সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৪ ডিসেম্বর) পুলিশ এক সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
এদিকে, হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে শনাক্ত করার দাবি করেছে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে যিনি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এনেছিলেন, তার নাম আলমগীর হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি মোহাম্মদ আলমগীর শেখ নামে সক্রিয়। তার বিভিন্ন পোস্টের জিওট্যাগে নিয়মিতভাবে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম উল্লেখ দেখা গেছে।
দ্য ডিসেন্ট জানায়, আলমগীরের ফেসবুক প্রোফাইলে প্রকাশিত একাধিক ছবির সঙ্গে ওসমান হাদির গণসংযোগ কর্মসূচিতে গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা তার ও তার সহযোগীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণের মাধ্যমেই তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে দাবি করে সংবাদমাধ্যমটি।
এছাড়াও, প্রতিবেদনে উল্লেখ করা হয়—গত ৫ ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় অনুষ্ঠিত হাদির নির্বাচনী প্রচারণার সময় ঘটনাস্থলে আলমগীরের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










