‘রাজাকার ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ করলেই উপহার

নিজস্ব প্রতিবেদন
শহীদ বুদ্ধিজীবী দিবসে একাত্তরের ঘাতক ও বুদ্ধিজীবী হত্যাকারীদের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ডাকসু ক্যাফেটেরিয়া ভবনের সামনে অবস্থিত ‘রাজাকার ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের ঘৃণা প্রকাশ করেন। কর্মসূচি চলাকালে ঘৃণাস্তম্ভের পেছনে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিভিন্ন ছবি টানানো হয়।
অংশগ্রহণকারীরা জুতা নিক্ষেপের পাশাপাশি ‘নিঃশব্দ ঘৃণা’ শিরোনামের একটি গণস্বাক্ষর বোর্ডে মন্তব্য লিখে ক্ষোভ জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অংশগ্রহণ বাড়াতে জুতা নিক্ষেপকারীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থাও রাখা হয়েছিল।
কর্মসূচির উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন, একাত্তরে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িতদের প্রতি ঘৃণা প্রকাশ এবং পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের বর্বর ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখাই এই আয়োজনের উদ্দেশ্য।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, ‘ঘৃণাস্তম্ভ’টি প্রথম নির্মিত হয় ২০০৭ সালে এবং পরবর্তীতে ভাঙার পর আবার নতুন করে স্থাপন করা হয়।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










