কুষ্টিয়া সীমান্তে সতর্ক বিজিবি, জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, অপরাধী পারাপার এবং অস্ত্র–মাদক চোরাচালান ঠেকাতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তসংলগ্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। নির্ধারিত সময়ের পর জিরো লাইনে চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং স্থানীয়দের অপ্রয়োজনে সীমান্ত এলাকায় না যাওয়ার অনুরোধ করা হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে দৌলতপুর সীমান্তের ২১টি বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুরো সীমান্তজুড়ে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এই এলাকা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সঙ্গে যুক্ত এবং এখানে মোট ৮১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার একটি অংশ এখনো কাঁটাতারবিহীন।
বিজিবি জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে কোনো অপরাধী যাতে সীমান্ত দিয়ে যাতায়াত করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকের অনুপ্রবেশ রোধে তল্লাশি কার্যক্রমও বাড়ানো হয়েছে।
কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখাই বিজিবির মূল লক্ষ্য। সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










