হাদির অবস্থার উন্নতি নেই, স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার চিন্তা

নিজস্ব প্রতিবেদন
দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সংকটাপন্ন রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, হাদি এখনো গভীর কোমায় আছেন। চিকিৎসকদের নির্ধারিত ৭২ ঘণ্টার পর্যবেক্ষণকাল সোমবার রাতে শেষ হবে। এই সময়ের মধ্যেই তার শারীরিক প্রতিক্রিয়া ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হবে। অবস্থা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়টি পরিবার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।
গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, একটি গুলি কানের পাশ দিয়ে ঢুকে মাথার বিপরীত দিক দিয়ে বেরিয়ে যায়।
হাদির চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একই হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও চিকিৎসাধীন থাকায় সেখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ তাদের খোঁজ নিতে ভিড় করছেন।
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকার পর গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন ওসমান হাদি। তিনি কোনো দলে যোগ না দিয়ে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই এই হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় হাদির সমর্থকেরা পতিত আওয়ামী লীগকে দায়ী করেছেন। অন্তর্বর্তী সরকার একে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি পৃথক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা জানিয়েছে।
পুলিশ জানায়, হামলার ঘটনায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামে এক সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তার তথ্য দিলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










