শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদন
বরেন্দ্র অঞ্চলে অরক্ষিত ও পরিত্যক্ত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ দায়িত্বপ্রাপ্তদের অবহেলার অভিযোগ তুলে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এই নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় ছড়িয়ে থাকা শত শত পরিত্যক্ত নলকূপ জননিরাপত্তার জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে। তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে এমন একটি নলকূপে পড়ে শিশুটির মৃত্যুকে কর্তৃপক্ষের চরম উদাসীনতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।
সংবিধানের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ১৫ দিনের মধ্যে সব অরক্ষিত নলকূপ জরিপ করে সিল বা ভরাট, অবৈধ নলকূপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিরাপদ ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করারও ঘোষণা দেওয়া হয়।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










