ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামী সোমবার (দুপুরে) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংশ্লিষ্ট উপদেষ্টা, চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সরকার গত কয়েক দিন ধরে সিঙ্গাপুরসহ থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার সম্ভাবনা যাচাই করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত এবং পরিবারের সম্মতির পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হলে চূড়ান্ত সিদ্ধান্ত আসে।


প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও যাতায়াতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।


ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্র বহন করবে এবং পুরো প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন প্রধান উপদেষ্টা।