কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর

নিজস্ব প্রতিবেদন
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেসে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি সেনাসদস্যের মধ্যে কুড়িগ্রামের দুই জনের মৃত্যুর খবরে জেলাজুড়ে নেমে এসেছে শোকের আবহ।
রোববার (১৪ ডিসেম্বর) তাদের বাড়িতে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নিহতদের একজন শহিদ শান্ত মণ্ডল, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সাটমাধাই ডারারপাড় গ্রামের বাসিন্দা। সাবেক সেনাসদস্য নুর ইসলাম মণ্ডলের ছেলে শান্ত ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং চলতি বছরের নভেম্বরে শান্তিরক্ষা মিশনে সুদানে যান। হামলার খবর পাওয়ার পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে। চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বৃষ্টি বাকরুদ্ধ, আর সন্তানের মরদেহ দেখার আকুতিতে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা সাহেরা বেগম।
একই হামলায় প্রাণ হারান উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলেরপাড় গ্রামের মমিনুল ইসলাম (৩৮)। তিনি স্ত্রী, দুই কন্যা, বাবা-মা ও ভাই রেখে গেছেন। বড় মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী, ছোটটি এখনও শিশু। মমিনুলের বাড়িতেও শোকের পরিবেশ, স্বজন ও প্রতিবেশীরা ভিড় করে পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
নিহত দুই শান্তিরক্ষীর মৃত্যুর খবরে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা প্রিয়জনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন, আর এই বেদনাবিধুর ঘটনায় পুরো কুড়িগ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










