রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক হঠাৎ দৌড়ে এসে সাংবাদিকের হাত ধরে তাকে ঘুরিয়ে ফেলে দেন। হামলার পর পালানোর সময় পুলিশ দ্রুত ওই যুবককে আটক করে। পরে উপস্থিত লোকজন তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

হামলাকারী ও আক্রান্ত সাংবাদিকের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে একই দিনে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৭টায় রাষ্ট্রপতি এবং ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন।