বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটিতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি–আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন। এ সময় তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আক্তারুজ্জামান ইসলামী মূল্যবোধে বিশ্বাস রেখে দেশ ও জাতির স্বার্থে বাকি জীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি দলের নিয়ম-কানুন, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি আনুগত্য বজায় রাখার অঙ্গীকারও করেন তিনি।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আক্তারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান ২০১৮ সালের নির্বাচনে কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এর আগে তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে একই এলাকা থেকে বিএনপির মনোনয়নে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।