স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি: তারেক

নিজস্ব প্রতিবেদন
শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পার হলেও গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, একদলীয় শাসন ও কর্তৃত্ববাদী রাজনীতির কারণে দেশের গণতান্ত্রিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ত্যাগ ও রক্তপাতের পরও মানুষের লেখা, বলা ও চিন্তার স্বাধীনতা আজও সংকটমুক্ত নয়।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস প্রসঙ্গে তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের হত্যার উদ্দেশ্য ছিল দেশকে মেধাশূন্য করে বিজয়ের পথ রুদ্ধ করা। তবে তারা যে জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ রেখে গেছেন, সেটিই একটি প্রগতিশীল ও আধুনিক রাষ্ট্র গড়ার প্রেরণা দেয়।
তারেক রহমান মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর যদি আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা এবং বহুমতের রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা যায়, তবেই শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে।
এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক ও শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










