রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, ইউক্রেন–রাশিয়া যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আগ্রহী তিনি। তার মতে, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এখন আর খুব দূরের বিষয় নয়।


শুক্রবার তুর্কমেনিস্তানে পুতিনের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, যুদ্ধ থামাতে চলমান বিস্তৃত শান্তি উদ্যোগগুলো তারা পর্যালোচনা করছেন এবং এ প্রক্রিয়ায় তুরস্ক সহযোগিতা দিতে প্রস্তুত। তুর্কমেনিস্তান সফর শেষে সাংবাদিকদের এরদোয়ান বলেন, পুতিনের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে কথা বলার সুযোগ চান তিনি।


তার ভাষায়, শান্তির সম্ভাবনা চোখে পড়ছে। বৈঠকে এরদোয়ান যুদ্ধের সময় জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাকে ঘিরে সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যা সব পক্ষের জন্য ইতিবাচক হতে পারে বলে মত দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, কৃষ্ণসাগরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা উচিত নয় এবং সেখানে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি।


উল্লেখ্য, ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্যমতে, শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে রুশ হামলায় খাদ্যবাহী একটি জাহাজসহ তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুদিন আগেই রাশিয়া ইউক্রেনকে সমুদ্রপথে অবরোধের হুমকি দিয়েছিল।