ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের সহায়তা চাওয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের ধরতে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। অভিযুক্তের সন্ধান দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানানো হয়েছে।
উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










