সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ধাপ বা ফেইজ–টু অবিলম্বে শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা আবেদন করলে তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এ ধরনের যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও জানান, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে প্রার্থীদের জমা দেওয়া বৈধ অস্ত্র ফেরত দেওয়া হবে এবং নতুন করে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করতেই ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–টু’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।