গোপালগঞ্জ আদালত ও ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদন
গোপালগঞ্জে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের ফলে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে আরও উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার করে এবং নিরাপত্তা জোরদার করে।
পুলিশের দেওয়া প্রেস নোটে জানানো হয়, অজ্ঞাত ব্যক্তিরা হাতে তৈরি পটকা সদৃশ বস্তু নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এতে কোনো ধরনের প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। উদ্ধার করা আলামত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










