ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতারা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, শারীরিক অবস্থার প্রয়োজন হলে দেশের বাইরেও চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।
এ সময় হাদির বোন আবেগঘন কণ্ঠে বলেন, ছোটবেলা থেকেই দেশপ্রেম ও বিপ্লবী চেতনায় বড় হওয়া হাদি পরিবারের শক্ত ভরসা। তার অনেক দায়িত্ব ও অসমাপ্ত কাজ রয়েছে—তাই তাকে বাঁচিয়ে রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের প্রতি গভীরভাবে নিবেদিত ছিলেন ওসমান হাদি এবং হামলাকারীর জামিন প্রক্রিয়া তদন্তের দাবি জানান তিনি। ফাতিমা তাসনিম জুমা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা জানান, এ নৃশংস হামলার সঙ্গে জড়িতদের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










