জানা গেল হাদিকে হামলাকারীর নাম-পরিচয়, ঠিকানা !

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সন্দেহভাজনের ছবি প্রকাশ করে এবং তার বিষয়ে তথ্য দিতে নাগরিকদের সহযোগিতা চায়। পুলিশ জানায়, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কারের ব্যবস্থাও থাকবে।
প্রকাশিত ছবিটির সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের মিল রয়েছে—এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট দেন। তিনি লেখেন, বিভিন্ন সময়ের ভিন্ন চেহারার ছবির কারণে একই ব্যক্তিকে শনাক্ত করা সাধারণ মানুষের জন্য কঠিন হতে পারে। একই সঙ্গে তিনি আহত ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে এই সংকটময় মুহূর্তে মানবিক অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আরেক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, গুলির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকারকারীরা কীভাবে ওই ব্যক্তির প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার ছবিগুলো ব্যাখ্যা করবেন। সর্বশেষ পোস্টে তিনি দাবি করেন, শক্ত প্রমাণের ভিত্তিতে হামলার পেছনের রহস্য উন্মোচিত হয়েছে এবং বাকি তথ্য সময়মতো প্রকাশ পাবে।
এ ঘটনার পর নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। তাদের মতে, নিষিদ্ধ চক্র যদি এমন সহিংসতায় জড়াতে সক্ষম হয়, তবে আসন্ন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বড় ঝুঁকিতে পড়তে পারে।

Siam Islam










