ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদন
ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই আসনে তিনি স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বার্তায় তিনি বলেন, “আমার পেছনে বড় কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই, নেই বিপুল কর্মী বাহিনী বা প্রচলিত ব্যবস্থার মতো অর্থনৈতিক সামর্থ্য। আপনাদের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি—আর আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র জনগণের প্রতি।”
সংস্কার–সমর্থন নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমি শুধু সংসদ সদস্য নয়, গণভোটেরও একজন প্রার্থী। অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশকে সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবে রূপ দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”
এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর ঠিক আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ করেন। তাদের পদত্যাগকে কেন্দ্র করে কে কোন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন, তা নিয়ে নানা জল্পনা ছড়ালেও আজ প্রকাশিত ভিডিও বার্তায় আসিফ মাহমুদ স্পষ্ট করেছেন—তিনি এই নির্বাচন লড়বেন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










