গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে দীর্ঘ অভিযান শেষে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে তাকে উদ্ধার করা হয় এবং দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
বুধবার দুপুরে কোয়েলহাট গ্রামের মাঠের পাশে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত খড় দিয়ে ঢেকে রাখা পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। প্রথমে স্থানীয়রা চেষ্টা করেও তাকে তুলতে পারেননি। পরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের তিনটি ফায়ার সার্ভিস ইউনিট এসে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রথমে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালানো হলেও শিশুর অবস্থান পাওয়া যায়নি। রাতভর এস্কেভেটর দিয়ে বড় গর্ত খনন, সুড়ঙ্গ তৈরির চেষ্টা সব মিলিয়ে অভিযান আরও জটিল হয়ে ওঠে। কয়েক দফা অনুসন্ধানে কেবল মাটির উপস্থিতি দেখা যায়, ফলে আবারও নতুন করে খননের সিদ্ধান্ত নিতে হয় উদ্ধারকর্মীদের।
স্থানীয়দের ভাষ্য, সেচের জন্য বছরখানেক আগে নলকূপটি স্থাপন করা হয়েছিল, কিন্তু পানি না ওঠায় সেটি মাটি দিয়ে বন্ধ করে রাখা হয়। সাম্প্রতিক বৃষ্টিতে মাটি ধসে পড়ে মুখ আবার খুলে যায় সেই অদৃশ্য গর্তেই পড়ে যায় শিশু সাজিদ।
শিশুটির মা রুনা খাতুন জানান, মাঠে যাওয়ার সময় হঠাৎ সন্তানটি হাত ছেড়ে পড়ে যায়। খড়ের আচ্ছাদনের কারণে গর্তটি তারা কেউই টের পাননি। গর্তের ভেতর থেকে সন্তানের “মা, মা” ডাক শোনার পরই তিনি বিষয়টি বুঝতে পারেন।
দীর্ঘ সময়ের টানা প্রচেষ্টার পর শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় এলাকাজুড়ে স্বস্তির হাসি ফিরে এসেছে।

Nusrat Jahan
© 2026 Daily Destiny. All rights reserved.










