রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান পরিচালনার পর তাকে উদ্ধার করা হলেও চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।


তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রাত ৯টা ৩৫ মিনিটে সাজিদকে হাসপাতালে আনা হয়, তবে তার আগেই শিশুটি মারা যায়। রাত ৯টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে তাকে মৃত ঘোষণা করা হয়।


ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার দুপুরে কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ।


স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস সারারাত খনন ও অনুসন্ধান অভিযান চালালেও শেষ পর্যন্ত শিশুটিকে জীবিত পাওয়া সম্ভব হয়নি। তানোর এলাকায় শিশুটির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।