রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। সিইসির সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর একদিন আগে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিইসি নাসির উদ্দিন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরও আগে, ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন সিইসি ও চার কমিশনার।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে আজ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারকে ভাষণ রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণেই সিইসি তফসিল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমন হলে ১২ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










