সিইসির ভাষণ রেকর্ড বিকেল ৪টায় : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের জাতির উদ্দেশে ভাষণ আজ বিকেল ৪টায় রেকর্ড করা হবে। বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসি সচিব আখতার হোসেন।
এর আগে সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব নির্বাচন–পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সচিব জানান, সিইসির ভাষণ রেকর্ডের পর কমিশনারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তফসিল ঘোষণার সময় চূড়ান্ত করা হবে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের চলমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধনের অগ্রগতি, ব্যালট পেপারের রং, ভোট গণনার পদ্ধতি, মক ভোটিংয়ে সময় এবং প্রযুক্তিগত প্রস্তুতিসহ নানা বিষয়ে রাষ্ট্রপতি বিস্তারিত জানতে চান।
আখতার হোসেন বলেন, সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত ভোটগ্রহণের নতুন সময়টিকেও রাষ্ট্রপতি যৌক্তিক বলে মত দিয়েছেন। পাশাপাশি বিদেশে ভোট প্রদান ও ডাকযোগে ভোটের প্রযুক্তিগত কাঠামো সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে এসব ব্যবস্থা করা হচ্ছে শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










