আজ পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদন
মন্ত্রণালয় জানায়, আজ বুধবার বেলা ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তিনি সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দেবেন। ঠিক কোন বিষয় তিনি তুলে ধরবেন তা আমন্ত্রণপত্রে উল্লেখ না থাকলেও বিভিন্ন গণমাধ্যমে জোরালোভাবে আলোচিত হচ্ছে—এই সংবাদ সম্মেলন থেকেই তিনি উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন।
এদিকে আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণ রেকর্ড করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল আজ সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও আজই দায়িত্ব ছাড়তে পারেন—এরকম আলোচনাও রয়েছে রাজনৈতিক অঙ্গনে।
যদিও আইন অনুযায়ী উপদেষ্টা পদে থাকা অবস্থায় নির্বাচন করার ক্ষেত্রে বাধা নেই, তবুও তফসিল ঘোষণার আগে সরকারে থাকা দুজন ছাত্রনেতা-উপদেষ্টার পদত্যাগের বিষয়টি নিয়ে জোর গুঞ্জন চলছে।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আসিফ মাহমুদ সমগ্র আন্দোলনে প্রধান নেতৃত্ব দেন। পরবর্তীতে সেই আন্দোলন একদফা সরকারের পতনের দাবিতে পরিণত হয়। দীর্ঘ আন্দোলনের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেখানে উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ।

Siam Islam
© 2026 Daily Destiny. All rights reserved.










